Skip to content

Bangladesh Graam Theatre

বাংলাদেশ গ্রাম থিয়েটার ঘোষণা পত্র

পদ্মা,মেঘনা, যমুনা, তিতাস ও অশান্ত বঙ্গোপসাগরের কূলে আমাদের বাস। শত শত বছরের ইতিহাস ও ভৌগলিক পরিমণ্ডলে আমরা বেড়ে উঠেছি। সহস্র বছর ধরে শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। মুক্তিযুদ্ধের সুমহান আদর্শে আমরা উজ্জীবিত। তাই মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক ও মৌলবাদী সংগঠন কিংবা কর্মকাণ্ডে জড়িত কোন ব্যক্তির গ্রাম থিয়োটার সংগঠনের সদস্য হওয়ার অধিকার নেই। বাংলাদেশের মঞ্চে আমরা আমাদের নিজেদের জীবন, পরিমণ্ডল ও লড়াই এর চিত্র তুলে ধরতে চাই।
গ্রাম থিয়েটার মেরুদণ্ডহীন আপোষকামী নাট্যচর্চার বিরুদ্ধে প্রাণবন্ত ও প্রাণদায়ী নাট্যচর্চাকে প্রতিষ্ঠিত করতে চায়। সাস্কৃতিক ভিক্ষাবৃত্তি ও লেজুড়বৃত্তি তথা উৎকেন্দ্রিকতাকে গ্রাম থিয়েটার তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করে। গ্রাম থিয়েটার আধুনিক নাট্যকলার সঙ্গে বাংলাদেশের নিজস্ব নাট্য আঙ্গিকের সমন্বয় সাধনে বদ্ধপরিকর।
গ্রাম থিয়েটার শহর কেন্দ্রীক নাটক মঞ্চায়নের পাশাপাশি বাংলাদেশের গ্রামগুলিতে নাটকের দল গঠন ও মেলা পত্তনে দৃঢ় সংকল্প। গ্রাম থিয়েটার শুধু জাতীয় সংস্কৃতির ইতিহাসকে ব্যাখ্যাই করবে না তাকে বৈজ্ঞানিকভাবে সচল ও উপযুক্ত করে তুলতে বদ্ধপরিকর | গ্রাম থিয়েটার বাংলাদেশের মঞ্চে, চিত্রকলায়, সঙ্গীতে, কাব্যে অর্থাৎ তাবৎ শিল্প ও সাহিত্যকর্মে এদেশের জনগণ, জনপদের সংস্কৃতি ও অবহেলিত আঞ্চলিক ভাষা রীতির উজ্জীবন ঘটাতে চায়।