নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে উদযাপিত হলো ইঙ্গিত থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৭ ও ৮ আগস্ট ২০২৬ নাটোর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় মরণোত্তর সম্মাননা প্রদান, রবীন্দ্র প্রয়াণ দিবস স্মরণ এবং নাট্য প্রদর্শনী।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল— ‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ এবং ‘নাটক শাণিত হোক বৈষম্য বিনাশে’। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখ্ট রচিত এবং নাট্যব্যক্তিত্ব উৎপল দত্ত অনূদিত নাটক ‘সমাধান’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দেন তরুণ নাট্যনির্দেশক সুস্মিত রায় বিভাস। প্রায় এক ঘণ্টার এ নাটকে সমাজ পরিবর্তন, বৈষম্য ও কমিউনিস্ট আন্দোলনের নানা দিক নাট্যভাষায় তুলে ধরা হয়।
৭ ও ৮ আগস্ট ২০২৬ প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটোর জেলা শিল্পকলা একাডেমি হল, কানাইখালীতে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটি দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা তিন গুণী শিল্পী নিমাই দাস, সৈয়দ মোহাম্মদ সাবিহ ও প্রদীপ কর্মকারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে প্রকাশ করা হয় ইঙ্গিত থিয়েটারের সাহিত্যপত্র ‘ইঙ্গিত’।
